হুজ্জাতুল ইসলাম হজরত ইমাম গাজ্জালি (রহ.) বলেন, রসুলুল্লাহ (ﷺ)-এঁর প্রকৃত উত্তরাধিকারী হিসেবে যিনি আধ্যাত্মিক পথপ্রদর্শক হবেন, তাঁর মধ্যে কেবল জ্ঞান থাকলেই চলবে না; বরং একসঙ্গে বেশকিছু বিশেষ গুণ থাকা অপরিহার্য। যাতে অযোগ্য কেউ নিজেকে মুর্শিদ দাবি করতে না পারেন, সেই লক্ষ্যে তিনি সংক্ষেপে এই গুণগুলো বর্ণনা করেছেন।

১. দুনিয়ার মোহ ও সম্মান-প্রতিপত্তির লালসা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত।

২. তিনি নিজে এমন একজন পূর্ণাঙ্গ মুর্শিদের হাতে বায়আত গ্রহণ করেছেন, যাঁর সিলসিলা রাসুলুল্লাহ (ﷺ) পর্যন্ত অবিচ্ছিন্নভাবে পৌঁছে।

৩. আত্মশুদ্ধির সাধনা ও রিয়াজতে তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ।

৪. আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ)-এর নির্দেশ পালনে তিনি অটল এবং সুন্নাহ অনুসরণে সর্বদা অগ্রগামী।

৫. তিনি অল্প আহার করেন।

৬. তিনি অল্প ঘুমান।

৭. নফল নামাজে তিনি অধিক মনোযোগী ও নিয়মিত।

৮. নফল রোজা পালনে তিনি সদা যত্নশীল।

৯. দান-সদকায় তিনি অকৃপণ ও উদার।

১০. তাঁর স্বভাব ও আচরণে সকল উত্তম গুণের সমাহার ঘটেছে।

১১. বিপদে ও কষ্টে তিনি ধৈর্যের পাহাড়।

১২. সুখে ও নেয়ামতে তিনি কৃতজ্ঞতায় অবনত।

১৩. সর্বাবস্থায় আল্লাহর ওপর তাঁর পূর্ণ ভরসা।

১৪. অন্তরে তাঁর রয়েছে অটুট ও দৃঢ় বিশ্বাস — ইয়াকিন।

১৫. তিনি স্বভাবতই দানশীল ও পরোপকারী।

১৬. যা আছে তাতেই তিনি সন্তুষ্ট — কানাআত তাঁর জীবনের ভূষণ।

১৭. আমানত রক্ষায় তিনি নিষ্ঠাবান ও বিশ্বস্ত।

১৮. তিনি গভীর জ্ঞানের অধিকারী।

১৯. লজ্জা ও শালীনতা তাঁর চরিত্রের অবিচ্ছেদ্য অংশ।

২০. তাঁর হৃদয়ে বিরাজ করে গভীর প্রশান্তি ও স্থিরতা।

২১. সত্যবাদিতা তাঁর অন্যতম প্রধান পরিচয়।

২২. বিনয় ও নম্রতায় তিনি সকলের চেয়ে এগিয়ে।

২৩. তিনি গাম্ভীর্যপূর্ণ, মর্যাদাবান এবং ব্যক্তিত্বসম্পন্ন।

২৪. আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ)-এর আনুগত্যে তিনি সর্বদা অবিচল।

২৫. এ ছাড়াও আরও অনেক আধ্যাত্মিক গুণ তাঁর জীবন ও চরিত্রে স্বাভাবিকভাবেই প্রকাশ পায়।

ইমাম গাজ্জালি (রহ.) বলেন, এই গুণাবলিসম্পন্ন ব্যক্তি এক বিশেষ নূর ও আধ্যাত্মিক আলোয় আলোকিত হন, যাঁকে অনুসরণ করা যায় এবং যিনি সত্যিকারের পথপ্রদর্শক হওয়ার যোগ্যতা রাখেন। তবে তিনি সতর্ক করে দেন যে, এমন পূর্ণাঙ্গ মুর্শিদ খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ। আর যদি কেউ এই বিরল সৌভাগ্য অর্জন করেন যে তিনি এমন মুর্শিদের হাতে বায়াত নিতে পেরেছেন, তাহলে তাঁর কর্তব্য হলো প্রকাশ্যে ও অন্তরে সর্বোচ্চ আদব ও শ্রদ্ধার সঙ্গে সেই মুর্শিদের সান্নিধ্যে থাকা।