হজরত আবদুল কাদের জিলানি (রহ.)

হজরত আবদুল কাদের জিলানী (রহ.) ৪৭১ হিজরিতে বর্তমান ইরাকের জিলানে জন্মগ্রহণ করেন। তিনি পিতার দিক থেকে হজরত হাসান (রা.) এবং মাতার দিক থেকে হজরত হোসাইন (রা.)-এঁর বংশের উত্তরসূরি। শিশুকালেই রমজানে দুধপান না করার অলৌকিক ঘটনা তাঁর আধ্যাত্মিক মর্যাদার প্রথম নিদর্শন। আঠারো বছর বয়সে জ্ঞান অর্জনের জন্য বাগদাদ গমন করেন। পথিমধ্যে ডাকাতদের কাছে সত্যবাদিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, যা তাদের তওবার কারণ হয়। দীর্ঘ পঁচিশ বছর কঠোর আধ্যাত্মিক সাধনার পর ৫২১ হিজরিতে ওয়াজ-নসিহত শুরু করেন। তাঁর মজলিসে সত্তর হাজার মানুষ এবং অসংখ্য ফেরশেতা ও জিন জাতি সমবেত হতেন। তিনি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা এবং অতি মূল্যবান কিছু তাসাউফ সংক্রান্ত গ্রন্থের রচয়িতা। ৫৬১ হিজরিতে নব্বই বছর বয়সে বাগদাদে ইন্তেকাল করেন।