হজরত বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জে শকর (রহ.)

হজরত বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শকর (রহ.) উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি-সাধক ও ইসলাম প্রচারক। ১১৭৫ খ্রিষ্টাব্দে মুলতানের নিকটবর্তী ‘খতওয়াল’ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বংশধারা খলিফা হজরত ওমর ফারুক (রা.)-এর সাথে সংযুক্ত। মাত্র বারো বছর বয়সে কুরআন হিফজ সম্পন্ন করেন এবং মুলতানে উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জন করেন।
হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি (রহ.)-এর হাতে বায়আত গ্রহণ করে চিশতিয়া তরিকায় দীক্ষিত হন। কঠোর রিয়াজত, সাওমে বিসাল ও চিল্লায়ে মাআকুসের মাধ্যমে আধ্যাত্মিক উচ্চ মাকামে পৌঁছান। মুরশিদের ইন্তেকালের পর তিনি চিশতিয়া সিলসিলার উত্তরসূরি হন। পাকপত্তনে (তৎকালীন এজোধন) স্থায়ীভাবে বসবাস করে ব্যাপক ইসলাম প্রচার করেন।
তিনি দুনিয়াবিমুখ, ক্ষমাশীল, মানবদরদি মহান ব্যক্তিত্ব ছিলেন। ৬৬৪/৬৬৫ হিজরিতে ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মাজার পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের পাকপত্তনে অবস্থিত।